ডেমরায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত

Sadek Ali
মো. হারুন অর রশিদ ,ডেমরা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫৩ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোর ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন— এআইইউবির শিক্ষার্থী ইরাম রেদওয়ান (২৫) এবং ইউআইইউর শিক্ষার্থী অপু আহমেদ (২৫)।

আরও পড়ুন: মেরুল বাড্ডায় বৈশাখী মেলায় পুলিশের বাধা

সহপাঠী তাওসিফ জানান, বৃহস্পতিবার রাতে একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তারা। কোনাপাড়া এলাকায় পৌঁছালে উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি সামনে থেকে ধাক্কা দেয়। এতে দুইজনই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে প্রথমে অপুকে এবং অল্প সময় পর ইরাম রেদওয়ানকে মৃত ঘোষণা করা হয়।

তিনি আরও জানান, নিহত দুজনের বাসা শানারপাড়া চিটাগাং রোড এলাকায়। দুর্ঘটনার পর ঘাতক ময়লার গাড়িটি (ঢাকা মেট্রো শ–১৪০৫৭৪) পুলিশ জব্দ করেছে।

আরও পড়ুন: রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে ফিরছে ট্রাফিক সিগন্যাল বাতি, ডিএমপির নির্দেশনা জারি

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি ডেমরা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।