মতিঝিলে কড়া নিরাপত্তা

ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের বিক্ষোভ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ন, ০২ জুন ২০২৬ | আপডেট: ২:৩৫ অপরাহ্ন, ০২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। আন্দোলনকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে কয়েকশ গ্রাহক প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। তারা ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগ, নতুন চেয়ারম্যান মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিল, ব্যাংক পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং অপসারিত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান।

আরও পড়ুন: উত্তরা-উত্তরখান-দক্ষিণখান ও মোহাম্মদপুরে রাজউকের মোবাইল কোর্ট

আন্দোলনকারীরা অভিযোগ করেন, ব্যাংকটি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হলেও বিভিন্ন সময়ে বিতর্কিত সিদ্ধান্ত ও অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি জলকামান ও সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: বাংলামোটর থেকে শাহবাগে ডিএসসিসির বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান

এর আগে সোমবার একই দাবিতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। সে সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড এবং লাঠিচার্জের আশ্রয় নেয় বলে অভিযোগ করেন অংশগ্রহণকারীরা।

উল্লেখ্য, গত ২৪ মে ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর সাবেক কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকের একাংশ গ্রাহক, কর্মকর্তা ও শেয়ারধারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।