প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর এলিট কনভেনশন হলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবীর।
আরও পড়ুন: প্রশাসনিক দায়িত্ব মানেই রাজনৈতিক আদর্শে একাত্মতা নয়: অধ্যাপক মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. আবুল কালাম, স্কুল অব ল-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান এবং প্রক্টর মো. আনিছুর রহমান। এ সময় বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, নবীন শিক্ষার্থী, তাঁদের অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, পরীক্ষা পদ্ধতি, শিক্ষার্থী সহায়তা কার্যক্রম, লাইব্রেরি ও ল্যাবরেটরি সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রমের সঙ্গেও তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: ইবিতে অনুমতি ছাড়া নির্মাণাধীন হলের সামনে ব্যানার টাঙানোয় তদন্ত কমিটি গঠন
শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও সহকারী অধ্যাপক ড. আমাম হোসাইন বাগদাদী। নিজের শিক্ষাজীবন ও অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি নবীনদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল বাড়তি আয়োজন। অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্সের সহযোগিতায় আয়োজিত এ পর্বের প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের সংগীত পরিবেশনা। ব্যান্ডটির পরিবেশনায় শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আনন্দে মেতে ওঠেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাবের আয়োজনে মনোজ্ঞ নৃত্য পরিবেশনা অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একাডেমিক পরিবারের অংশ হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, সুযোগ-সুবিধা ও শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়ায় তাঁদের পরবর্তী শিক্ষাজীবন আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।





