ঢাবি টিচার্স ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘দুর্বার একাত্তর’

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০২ পূর্বাহ্ন, ০৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্রিকেট টুর্নামেন্টের ১১তম আসরের শিরোপা জিতেছে ‘দুর্বার একাত্তর’। ফাইনালে ‘উত্তাল উনসত্তর’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দলটি। টুর্নামেন্ট শেষে সোমবার (৬ জুলাই) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দল ও বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফর্মারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারী শিক্ষকদের খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন: নতুন নির্দেশনা জারি করল জাতীয় বিশ্ববিদ্যালয়

ফাইনালে দুর্দান্ত ব্যাটিং করে ১৪৫ রান করা সহযোগী অধ্যাপক ড. মো. হাসান ফারুক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ প্লেয়ার অব দ্য সিরিজ হন সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন। এছাড়া সর্বোচ্চ ১২ উইকেট শিকার করে ইমার্জিং প্লেয়ার নির্বাচিত হন প্রভাষক আলিফ মোহাম্মদ খান।

টিচার্স ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা, মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের নির্বাহী পরিচালক মো. মাসুদ করিম খানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ।

আরও পড়ুন: গণ বিশ্ববিদ্যালয়ে জুন-২৬ সেশনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু

উল্লেখ্য, এবারের টিচার্স ক্রিকেট টুর্নামেন্টে ‘দুর্বার একাত্তর’, ‘উত্তাল উনসত্তর’, ‘মহান একুশে’ ও ‘জাগ্রত জুলাই’—এই চারটি দল অংশ নেয়।