চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে অংশ নিতে চীন সফরে ঢাবি উপাচার্য
চীন-দক্ষিণ এশিয়া মেরিন কো-অপারেশন ফোরামে অংশ নিতে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। মঙ্গলবার রাত ১০টা ১০ মিনিটে এয়ার চায়নার CA 702 ফ্লাইটে তিনি চীনের উদ্দেশে রওনা হন। আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর চীনের শাংদাওয়ের স্টারলাইট আইল্যান্ড কনফারেন্স সেন্টারে এ ফোরাম অনুষ্ঠিত হবে।
চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীন ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি (FIO) এবং শাংদাও মিউনিসিপ্যাল গভর্নমেন্ট যৌথভাবে এ ফোরামের আয়োজন করছে। এতে চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তানের গবেষক ও নীতিনির্ধারকেরা অংশ নেবেন।
আরও পড়ুন: একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, পরবর্তী কার্যক্রম যেভাবে
সফরকালে ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি (FIO) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক (MoU) নবায়ন করা হবে। পাশাপাশি সমুদ্র পর্যবেক্ষণ ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা, চীন-বাংলাদেশ যৌথ গবেষণা এবং সমুদ্রবিজ্ঞান বিষয়ে যৌথ গবেষণাগার প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন উপাচার্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সদস্য হিসেবে সফরে রয়েছেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভর্নেন্সের (ICOG) পরিচালক ড. কে এম আজম চৌধুরী।
আরও পড়ুন: রাতে প্রকাশ হচ্ছে একাদশ ভর্তির প্রথম ধাপের ফল
ফোরামের বিভিন্ন অধিবেশনে ঢাবির প্রতিনিধিরাও অংশ নেবেন। অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির দুর্যোগ ঝুঁকি হ্রাসে চীন ও বাংলাদেশের অভিজ্ঞতা ও সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার সুনীল অর্থনীতি ও টেকসই সামুদ্রিক উন্নয়নবিষয়ক একটি কারিগরি অধিবেশনে সহ-সভাপতিত্ব করবেন। আর ড. কে এম আজম চৌধুরী উত্তর বঙ্গোপসাগরে অক্সিজেন মিনিমাম জোনের মৌসুমি বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণার ফলাফল উপস্থাপন করবেন।
ফোরামে জলবায়ু পরিবর্তন, সামুদ্রিক পরিবেশ সুরক্ষা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, সুনীল অর্থনীতি এবং টেকসই সামুদ্রিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ এবং FIO-এর সঙ্গে MoU নবায়নের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সামুদ্রিক গবেষণা, একাডেমিক বিনিময় ও কারিগরি সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এদিকে, উপাচার্যের ছুটিকালীন সময়ে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।





