ট্রাম্প প্রশাসনের শীর্ষ সন্ত্রাসবাদবিরোধী উপদেষ্টা জো কেন্টের পদত্যাগ
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ সন্ত্রাসবাদবিরোধী উপদেষ্টা জো কেন্ট। চলমান সংঘাত নিয়ে প্রকাশ্যে পদত্যাগ করা প্রশাসনের সবচেয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তা হিসেবে তার এই পদক্ষেপ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পদত্যাগপত্রে জো কেন্ট জানান, তিনি নৈতিকভাবে এই যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে গড়িয়েছে।
আরও পড়ুন: মোজতবা খামেনি যেভাবে অল্পের জন্য ‘বেঁচে গেছেন’, জানাল দ্য টেলিগ্রাফ
পদত্যাগপত্রে কেন্ট লিখেছেন, “ইরান আমাদের দেশের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। স্পষ্টতই এই যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েলের চাপ এবং যুক্তরাষ্ট্রে তাদের প্রভাবশালী লবির কারণে।”
জো কেন্ট যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার (NCTC)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যা অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ODNI)-এর অধীনে পরিচালিত হয়। পাশাপাশি তিনি প্রেসিডেন্টের প্রধান সন্ত্রাসবাদবিরোধী উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: পুতিনের আমন্ত্রণে মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন মোজতবা খামেনি
দীর্ঘ সামরিক জীবনে কেন্ট যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে ২০ বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেন এবং মধ্যপ্রাচ্যে ১১ বার যুদ্ধ মিশনে অংশ নেন।
তার ব্যক্তিগত জীবনের একটি মর্মান্তিক ঘটনাও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন তিনি। তার স্ত্রী শ্যানন কেন্ট ২০১৯ সালে সিরিয়ায় দায়িত্ব পালনকালে একটি আত্মঘাতী হামলায় নিহত হন।
পদত্যাগপত্রে তিনি আরও লিখেছেন, একজন সৈনিক হিসেবে বহুবার যুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতা এবং স্ত্রীকে হারানোর বেদনা থেকে তিনি এমন একটি যুদ্ধে নতুন প্রজন্মকে পাঠানোর পক্ষে নন, যা যুক্তরাষ্ট্রের জনগণের কোনো উপকারে আসে না এবং যার মূল্য হিসেবে প্রাণহানি কোনোভাবেই ন্যায্য নয়।
বিশ্লেষকদের মতে, জো কেন্টের এই পদত্যাগ ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ মতপার্থক্যকে আরও স্পষ্ট করে তুলেছে।





