ইরানে নিখোঁজ মার্কিন ক্রু উদ্ধারে বিশেষ বাহিনীর অভিযান, তল্লাশি জোরদার

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:৫০ অপরাহ্ন, ০৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রু সদস্যকে উদ্ধারে জোর তল্লাশি চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই ক্রুকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সদস্যরা শুক্রবার রাতে ইরানে প্রবেশ করেছে।

তবে টেলিগ্রাফের প্রতিবেদনে এই অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে, ইতোমধ্যে অভিযানে একজন ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দ্বিতীয় ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন এবং তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর প্যারারেস্কিউ জাম্পারদের এক সাবেক কমান্ডার জানিয়েছেন, নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধার ইউনিটগুলো ব্ল্যাকহক হেলিকপ্টার ব্যবহার করে ব্যাপক তল্লাশি চালাবে।

তিনি আরও বলেন, যদি লক্ষ্যস্থল এমন জায়গায় হয় যেখানে হেলিকপ্টার পৌঁছাতে সক্ষম নয়, তাহলে এসি-১৩০ গানশিপ থেকে বিশেষ বাহিনীর সদস্যরা নেমে স্থলপথে উদ্ধার অভিযান পরিচালনা করবে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিকে ইরানও নিখোঁজ মার্কিন ক্রু সদস্যকে খুঁজে বের করতে তৎপরতা বাড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পাইলটকে জীবিত অবস্থায় ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে।

বর্তমান পরিস্থিতিতে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নিখোঁজ ক্রুকে ঘিরে উভয় পক্ষের তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।