যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ন, ০৩ মে ২০২৬ | আপডেট: ১১:০২ পূর্বাহ্ন, ০৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে নতুন করে ১৪ দফার সংশোধিত প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট বার্তাসংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রস্তাবের অন্যতম শর্ত হিসেবে ইরান বলেছে, তাদের আশপাশের দেশগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। এছাড়া লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: মার্কিন অবরোধ এড়িয়ে ১৯ লাখ ব্যারেল তেল নিয়ে এশিয়ায় পৌঁছাল ইরানি ট্যাংকার

ইরানের এই প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এতে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। এতে ইরান যুদ্ধবিরতির পরিবর্তে পুরো সংঘাত বন্ধের ওপর গুরুত্ব দিয়েছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালি বন্ধে সার সংকট, বৈশ্বিক খাদ্য উৎপাদনে বড় ঝুঁকি

ইরানের মতে, যুক্তরাষ্ট্র যে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তা দীর্ঘমেয়াদি সমাধান নয়; বরং ৩০ দিনের মধ্যেই মূল সমস্যাগুলোর সমাধান সম্ভব।

১৪ দফা প্রস্তাবে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে ভবিষ্যতে সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা, আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং হরমুজ প্রণালিতে নতুন ব্যবস্থাপনা চালুর বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, এই প্রস্তাবের লক্ষ্য হচ্ছে যুদ্ধের অবসান। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের—তারা কূটনৈতিক পথ বেছে নেবে, নাকি সংঘাত অব্যাহত রাখবে।