বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করার সুপারিশ ভারতের সংসদীয় কমিটির

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ৬:৫১ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করেছে ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি। কমিটির মতে, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালু করা প্রয়োজন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক সংসদীয় কমিটির নবম প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে সরকারের নেওয়া পদক্ষেপসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিষয়টি প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন: পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত হওয়া এবং নিরাপত্তাজনিত বিধিনিষেধ দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও ইতিবাচক ধারণায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে ভিসা কার্যক্রমও স্বাভাবিক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

কমিটি আরও জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সৌদির নতুন প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৪ দেশ

এ ছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি কার্যকর দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। এর আওতায় নিয়মিত ভিসানীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের অপ্রয়োজনীয় ভোগান্তি কমানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কারণে ভিসা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয় এবং কনস্যুলার কর্মীদের একটি অংশ প্রত্যাহার করা হয়েছিল। বর্তমানে বাংলাদেশে পরিচালিত পাঁচটি ভিসা কেন্দ্রে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০টি ভিসা ইস্যু করা হচ্ছে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশই চিকিৎসা-সংক্রান্ত ভিসা।