আপিলেও বহাল আইভীর জামিন, কারামুক্তিতে নেই আইনি বাধা
হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তার কারামুক্তিতে আপাতত আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন ‘নো অর্ডার’ হিসেবে খারিজ করে দেন চেম্বার আদালত।
আরও পড়ুন: মুগ্ধসহ ১১ হত্যা মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু
চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের এ আদেশের ফলে আইভীর বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সবগুলোতেই জামিন বহাল থাকল।
আদালতে আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
আরও পড়ুন: জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে: গাজী নজরুলের বিষয়ে আদালত
আইভীর আইনজীবী প্যানেলের সদস্য এস এম হৃদয় রহমান বলেন, সব মামলায় জামিন বহাল থাকার প্রত্যয়ন ও আদালতের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে চলতি সপ্তাহের মধ্যেই তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেতে পারেন বলে আশা করা হচ্ছে।





