হামে শিশু মৃত্যুতে অধ্যাপক ইউনূসহ পাঁচ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করেছে ঢাকার আদালত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬ | আপডেট: ৫:৩৩ অপরাহ্ন, ০৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হাম ও এর উপসর্গে শিশুদের মৃত্যু ‘দায়িত্বে চরম অবহেলার’ কারণে হয়েছে, বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে ঢাকার একটি বিচারিক আদালত। কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল এই মামলাটি দায়ের করেছিলেন।

সোমবার ঢাকার একটি বিচারিক আদালত শুনানি শেষে এই মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দোহা সুমন বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

মি. সুমন বলেন, “পর্যাপ্ত উপাদান না থাকায় আদালত মামলাটি খারিজ করে দিয়েছে। টাইম অব অকারেন্স এবং প্লেস অব অকারেন্স এসব মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু মামলায় কোন স্থান না দেয়ায় বাদীপক্ষের শুনানি শেষে আদালত তা আমলে নেননি।”

তিনি জানান, এই মামলার আবেদনে করা একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারে পড়ে। সেটি বিচার করার ক্ষমতা এই আদালতের নেই। ফলে আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

আরও পড়ুন: রামিসা হত্যা মামলায় দ্রুত বিচার, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

মামলার আবেদনে অধ্যাপক ইউনূস এবং নূর জাহান বেগম ছাড়া সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মুহাম্মদ সায়েদুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মো. আবু জাফরকে আসামি করা হয়েছে। বাংলাদেশে গেল মার্চ মাস থেকে হাম ও এর উপসর্গে ছয়শ’র বেশি শিশুর মৃত্যু হয়েছে।