দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করল সরকার, মামলা নিষ্পত্তি বৃদ্ধির আশা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:৫০ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে প্রথমবারের মতো দেওয়ানি ও ফৌজদারি আদালতকে সম্পূর্ণভাবে পৃথক করা হয়েছে। আইন মন্ত্রণালয় আজ (১৮ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন ব্যবস্থা অনুযায়ী জেলা আদালতগুলোতে একই বিচারকের ওপর দেওয়ানি ও ফৌজদারি (দায়রা) মামলার দ্বৈত দায়িত্ব শেষ হবে। অতীতে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও জেলা জজদের একইসঙ্গে দুই ধরনের মামলা পরিচালনা করতে হতো, যা মামলা নিষ্পত্তির গতি কমানোর পাশাপাশি মামলাজটের একটি প্রধান কারণ ছিল।

আরও পড়ুন: ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা বৈঠকের তেমন সুযোগ হবে না: হুমায়ুন কবির

দেশের অধস্তন আদালতগুলোতে বর্তমানে প্রায় ১৬ লাখ দেওয়ানি মামলা এবং ২৩ লাখ ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। ফৌজদারি মামলার সংখ্যা বেশি থাকা সত্ত্বেও একক বিচারকের ওপর উভয় ধরনের মামলা পরিচালনার চাপ থাকায় মামলার নিষ্পত্তি ধীরগতির ছিল।

এ পরিস্থিতিতে ২০৩টি অতিরিক্ত দায়রা আদালত এবং ৩৬৭টি যুগ্ম দায়রা আদালত স্থাপন করা হয়েছে। এই আদালতগুলোতে বিচারকরা শুধুমাত্র ফৌজদারি মামলার বিচার করবেন। ফলে দ্বৈত দায়িত্বের অবসান ঘটবে এবং বিচারিক কার্যক্রমে গতি বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য করে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আশা করছে, এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে জেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি উভয় আদালতেই মামলা নিষ্পত্তির পরিমাণ ও গতি আগের চেয়ে বহুলাংশে বৃদ্ধি পাবে এবং বিদ্যমান মামলাজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।