তারেক রহমানের গণসংবর্ধনায় মানুষের ঢল কিসের ইঙ্গিত, জানালেন প্রেস সচিব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে মানুষের রেকর্ড সমাগম দেশের জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত—এমন স্পষ্ট ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, আসন্ন সাধারণ নির্বাচন ও গণভোট নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে—এ বিষয়ে আর কোনো সংশয় নেই।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনীতে ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
প্রেস সচিব লেখেন, সাধারণ নির্বাচন ও গণভোট এখন আর মাত্র সাত সপ্তাহ বা ৪৯ দিন দূরে। নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে কি না—এ নিয়ে তার কখনোই সন্দেহ ছিল না। যদিও কিছু সময় নিজের উচ্ছ্বাস সংযত রাখতে হয়েছে, তবে বৃহস্পতিবারের ঘটনাবলি সমালোচকদের মনে থাকা শেষ সন্দেহটুকুও দূর করে দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে—এ নিয়ে আর কোনো প্রশ্ন নেই।
তিনি আরও উল্লেখ করেন, এক-দুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে। এরপর হাজার হাজার প্রার্থী নিজ নিজ এলাকায় ফিরে যাবেন। ছাপাখানাগুলো পুরোদমে চালু হবে এবং টেলিভিশন চ্যানেলগুলোতে শুরু হবে নির্বাচনকেন্দ্রিক আলোচনা ও বিতর্ক, যার প্রভাব পৌঁছে যাবে গ্রাম পর্যায় পর্যন্ত।
স্ট্যাটাসের শেষাংশে শফিকুল আলম বলেন, বাংলাদেশ বর্তমানে গভীর ক্ষত বহন করছে এবং সমাজে একটি বিভাজন ক্রমেই প্রশস্ত হয়ে চলেছে। এই বিভাজন দূর করতে পারে একমাত্র একটি সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য নির্বাচন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানকে ঘিরে রাজধানীতে এমন বিপুল জনসমাগম এবং তা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের এই বক্তব্য আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে বাড়তে থাকা উত্তাপ ও জনসম্পৃক্ততারই প্রতিফলন।





