ত্রয়োদশ নির্বাচনে বিএনপির প্রতি শীর্ষ ইসলামী নেতৃবৃন্দের সমর্থন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৫৫ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন ঘরানার শীর্ষ আলেম ও ইসলামী নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর নির্বাচনী প্রতীক ধানের শীষের প্রতি সমর্থন জানিয়েছেন। তারা একটি নিরাপদ, বৈষম্যহীন ও ইসলামী মূল্যবোধসম্মত রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করে এ সমর্থন দেন।

সমর্থনকারীদের বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের ধর্মীয় ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় তারা নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন ইসলামী রাজনৈতিক শক্তির ভূমিকা নিয়েও আলেম সমাজের মধ্যে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: শীর্ষ আলেম-ওলামাদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান

কিছু আলেম নেতার অভিযোগ, অনলাইন ও অফলাইনে বিভ্রান্তিকর প্রচার এবং পারস্পরিক বিরূপ মন্তব্য ধর্মীয় অঙ্গনে অস্থিরতা তৈরি করছে। তারা রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও শালীনতা ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

সমর্থনকারীদের মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, বেফাক ও হাইয়ার চেয়ারম্যান আল্লামা শায়েখ মাহমুদুল হাসান, হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হকসহ বিভিন্ন দরবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা রয়েছেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: সূত্রাপুরে নগদ অর্থসহ জামায়াত কর্মী আটক, দুই দিনের কারাদণ্ড

এছাড়া ফুলতলী, ছরছিনা, মাইজভাণ্ডার ও চরমোনাই দরবারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, জৈনপুরের পীর মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী, ঢালকানগরের পীর সাহেব শায়েখ আব্দুল মতিনসহ ইসলামী ঐক্যজোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উভয় অংশের নেতৃবৃন্দ বিএনপি প্রার্থীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন বলে দাবি করা হয়েছে।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক এক প্রতিক্রিয়ায় বলেন, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা ও আদর্শিক দিকনির্দেশনা নিশ্চিত করতে তারা ধানের শীষ প্রতীককে সমর্থন দিচ্ছেন।

উল্লেখ্য, এ বিষয়ে অন্যান্য সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।