মায়ের টানে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান
দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরে মায়ের টানে এভারকেয়ার হাসপাতালে ছুটে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতেই বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি হাসপাতালে যান।
এর আগে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় নেতাকর্মীদের দেওয়া সংক্ষিপ্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান। বক্তব্য শেষে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি।
আরও পড়ুন: ভোট দিয়ে কেন্দ্র ছাড়বেন না, ফলাফল না দেখা পর্যন্ত অবস্থান করুন: জামায়াত আমির
বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫২ মিনিটের দিকে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। তারেক রহমান হাসপাতালে আসার কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
তারেক রহমানকে বহনকারী বাসটি হাসপাতালের প্রধান গেটের সামনে পৌঁছালে তিনি বাস থেকে নেমে হেঁটে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন।
আরও পড়ুন: বিএনপির রুহুল কবির রিজভী হাসপাতালে ভর্তি
এর আগে গণসংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, “প্রিয় ভাই-বোনেরা, সন্তান হিসেবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে—সেই হাসপাতালের ঘরে। কিন্তু যে মানুষগুলোর জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন, অর্থাৎ আপনারা—এই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। তাই হাসপাতালে যাওয়ার আগে আপনাদের প্রতি এবং টেলিভিশনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে যারা আমাকে দেখছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি।”
এদিকে তারেক রহমানের আগমন ঘিরে সকাল থেকেই এভারকেয়ার হাসপাতালের গেটে বিএনপি ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা অবস্থান নেন। নিরাপত্তা বলয় ভেদ করে তারেক রহমানকে বহনকারী গাড়ি হাসপাতাল চত্বরে প্রবেশ করলে কর্মী-সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। এ সময় দলীয় পতাকা ও ফেস্টুন হাতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। যদিও দলের পক্ষ থেকে হাসপাতাল এলাকায় স্লোগান না দেওয়ার নির্দেশনা ছিল।
এর আগে বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন এবং উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (বিজি-২০২) উড়োজাহাজটি স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সেটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা করে।





