রথযাত্রা মহোৎসবের উদ্বোধন, সম্প্রীতি ও জাতীয় ঐক্যের আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৫২ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর স্বামীবাগ আশ্রমে বৃহস্পতিবার (১৬ জুলাই) শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

আরও পড়ুন: ছাত্রশিবির ছাড়ার একদিন পর জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা করা হলেও সরকার সেই পথে বিশ্বাস করে না। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত পথ ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সব ধর্মাবলম্বী মানুষের অধিকার, মর্যাদা ও সমঅংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছেন।

আরও পড়ুন: এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ

মন্ত্রী দাবি করেন, জনগণের সমর্থনে গঠিত বর্তমান সরকার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র নয়; এটি সব ধর্মাবলম্বী মানুষের দেশ। সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করেই সরকার সামনের দিকে এগিয়ে যেতে চায়।

মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ তুলে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ একসঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন। সেই সম্প্রীতির বন্ধন নষ্ট করতে একটি অপশক্তি বারবার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব, ভক্ত-অনুরাগী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।