হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ের উড়ন্ত সূচনা
২৬ বছর পর বিশ্বকাপে ফিরে দুর্দান্ত শুরু করেছে নরওয়ে। মঙ্গলবার বস্টনে অনুষ্ঠিত ‘আই’ গ্রুপের ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়েছে ইউরোপের দেশটি। জোড়া গোল করে দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তারকা স্ট্রাইকার এরলিং হালান্ড। বিশ্বকাপে অভিষেক ম্যাচেই দুই গোল করে স্মরণীয় সূচনা করেছেন তিনি।
ম্যাচের ২৯তম মিনিটে আন্তোনিও নুসার দারুণ পাস থেকে ডেভিড মোলার উলফের বাড়ানো বলে কাছ থেকে জালে বল জড়িয়ে নরওয়েকে এগিয়ে দেন হালান্ড। তবে ১০ মিনিটের মধ্যেই সমতায় ফেরে ইরাক। আইমেন হুসেইনের হেডে ম্যাচে ফিরে আসে এশিয়ার প্রতিনিধিরা।
আরও পড়ুন: বিশ্বকাপের পর ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি
প্রথমার্ধ শেষ হওয়ার আগে আবারও এগিয়ে যায় নরওয়ে। ইরাকের গোলরক্ষক জালাল হাসানের ভুলের সুযোগ কাজে লাগান হালান্ড। ধীরগতির একটি ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন গোলরক্ষক। তার ক্লিয়ার করা বল হালান্ডের পায়ে লেগে জালে ঢুকে যায়। এতে আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলসংখ্যা ৫৭-তে উন্নীত করেন নরওয়ের এই তারকা, মাত্র ৫১ ম্যাচে।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আক্রমণ চালায় ইরাক। ইব্রাহিম বায়েশ, আলি আল-হামাদি ও আকাম হাশিম একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি দলটি।
আরও পড়ুন: তীব্র বিরোধিতার মুখে সিদ্ধান্ত বাতিল করল ফিফা
ম্যাচের ৭৬তম মিনিটে মার্টিন ওডেগার্ডের কর্নার থেকে হেডে নরওয়ের তৃতীয় গোল করেন বদলি ডিফেন্ডার লিও ওস্টিগার্ড। এতে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় নরওয়ের।
এরপর হালান্ডের সামনে হ্যাটট্রিকের সুযোগ এলেও দুর্দান্ত সেভ করে তাকে বঞ্চিত করেন জালাল হাসান। তবে ম্যাচের শেষ গোলেও অবদান রাখেন নরওয়ের এই তারকা। তার হেড ইরাকের অধিনায়ক আইমেন হুসেইনের গায়ে লেগে জালে ঢুকে যায়। পরে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে গণ্য করেন ম্যাচ কর্মকর্তা।
৪-১ গোলের এই জয়ে গ্রুপ ‘আই’-এর শীর্ষে উঠে এসেছে নরওয়ে। সমান তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, যারা নিজেদের প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে।
আগামী ২২ জুন নিউ জার্সিতে গ্রুপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে নরওয়ে ও ফ্রান্স। ১৯৯৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে খেলছে নরওয়ে। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বমঞ্চে ফিরে দারুণ এক জয় দিয়ে অভিযান শুরু করল তারা।





