'চট্টগ্রাম হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের সিলিকন সিটি'
চট্টগ্রামকে ভবিষ্যতের সিলিকন সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার নতুন উদ্যোগ নেবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামে '৫ম চট্টগ্রাম আইটি ফেয়ার ২০২৪'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় যেসব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেসব প্রতিষ্ঠানে সরাসরি বিদেশি বিনিয়োগ এক বিলিয়ন ডলারের বেশি আকর্ষণ করতে চান। তার অর্ধেক চট্রগ্রাম থেকে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন: টিকটকের নতুন এআই টুল উন্মোচন
তিনি বলেন, প্রয়োজনে স্টার্ট-আপ বাংলাদেশ কোম্পানি লিমিটেডেরে পক্ষ থেকে ৫ লাখ থেকে ৫ কোটি পর্যন্ত ইকুয়েটি ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে। এর সবকিছুই নির্ভর করছে রাইট সিলেকশন, রাইট মনিটরিং, রাইট সুপারভিশন ও ইনকিউবেশনের উপর।
প্রতিমন্ত্রী আরও বলেন, চট্রগ্রাম থেকে কোনো মেধাবী, উদ্ভাবনী তরুণ-তরুণী যদি উদ্যোক্তা হতে চান, তাদের যত ধরনের সুযোগ লাগবে সেটা সরকার, একাডেমিক ও ইন্ডাস্ট্রি একসাথে মিলে তৈরি করবে। বর্তমানে আমাদের আইসিটি খাত থেকে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার রফতানি আয় হচ্ছে এবং ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এ খাতে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় এবং আরও নতুন ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: অনলাইন জুয়া দমনে নতুন আইন কার্যকর
মননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্রগ্রামে এরইমধ্যে তিনটি উপহার দিয়েছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রথমত ১০০ কোটি টাকা ব্যয়ে চুয়েটে 'শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর' সেন্টার নির্মাণ করা হয়েছে। যাতে ১০টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে, ২৫টি স্টার্টআপ কোম্পানিকে ফ্রি স্পেস প্রদান করা হয়েছে। দ্বিতীয়ত, চান্দগাওয়ে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার (৮ আইটি প্রকল্প) ও তৃতীয়টি চান্দগাওয়ে নলেজ পার্ক (১২ আইটি প্রকল্প)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব ওমর হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস (এসসিআইটিপি) এর সভাপতি জনাব মো. আব্দুল্লাহ ফরিদ।





