রাতেই হানা দিতে পারে প্রবল ঝড়
ঢাকাসহ দেশের অন্তত ১০টি জেলায় রাতের মধ্যেই ঝড় আঘাত হানতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দুপুর আড়াইটা থেকে রাত ১টার মধ্যে ঢাকা, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে।
আরও পড়ুন: ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
এ সময় প্রবল দমকা হাওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে। সম্ভাব্য ঝড়ের কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি। একই সময়ে রাঙামাটি ও ফেনীতে দেশের সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন: ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। তাই ঝড়-বৃষ্টির পাশাপাশি গরমের বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।





