বকেয়া দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৪ | আপডেট: ৯:৫৬ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় মাহমুদ জিনস কারখানার শ্রমিক ও কর্মকর্তারা। এতে দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকেরা বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বকেয়া বেতনের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা চন্দ্রা ফ্লাইওভারের সংযোগ সড়কের উভয়পাশে অবরোধ করেন। এতে ওই সড়কে কয়েক কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

কারখানাটির শ্রমিকরা জানান, গত মাসের বকেয়া বেতন এ মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও এখনো তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে বারবার শ্রমিকরা আবেদন করলেও তা প্রত্যাখ্যান করে কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলেও কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: বগুড়ার মোকামতলা উপজেলা বিএনপির ৩২ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদিত

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন জানান, চন্দ্রা এলাকায় একটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখার কারণে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সড়কের উভয়পাশে যানজট তৈরি হয়েছে।


আরও পড়ুন: কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে ইউপি সদস্যকে জরিমানা, একজনের কারাদণ্ড