হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ন, ০৪ মার্চ ২০২৬ | আপডেট: ৮:৩৯ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি ভূমি অফিস সকাল ৯টা থেকে খোলা থাকার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত স্থানীয় ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ ক্ষোভ জানান।

আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। প্রান্তিক পর্যায়ে জনগণ যে সেবা পাওয়ার অধিকার রাখেন, তা নিশ্চিত করতেই এ ধরনের র‌্যান্ডম পরিদর্শন পরিচালনা করা হচ্ছে।

কাউকে না জানিয়ে স্থানীয় ভূমি কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি দেখেন, সরকারি নির্ধারিত সময়ের আগেই সেখানে পৌঁছালেও কার্যালয়টি তালাবদ্ধ। কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারীকেও সেখানে পাওয়া যায়নি। প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর এক ব্যক্তি এসে কার্যালয়ের তালা খুলে দেন। তবে তখনো কোনো কর্মকর্তা উপস্থিত হননি।

আরও পড়ুন: পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী

অফিস কক্ষে অবস্থান নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, “এটা র‌্যান্ডম সিলেক্টেড অফিস। এখানকার কর্মকর্তারা এলে তাদের কাগজপত্র, সেবার মান এবং কী কী পেন্ডিং আছে—সব আমরা পর্যবেক্ষণ করব।”

তিনি আরও বলেন, “এখন পর্যন্ত ৯টা ১০ বাজে, কেউ আসেননি। যদিও ৯টায় অফিস খোলার কথা ছিল। এটা পুরোপুরি অগ্রহণযোগ্য।”

দুর্নীতিবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী জানান, অফিসিয়াল প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে এবং আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এ ধরনের আকস্মিক পরিদর্শন সারাদেশে অব্যাহত থাকবে, যাতে প্রান্তিক জনগণ নির্ধারিত সময়েই কাঙ্ক্ষিত সেবা পান। বর্তমানে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট ভূমি কার্যালয়েই অবস্থান করছেন বলে জানা গেছে।