কৃষিজমি রক্ষায় কঠোর প্রশাসন, অভিযানে আড়াই লাখ টাকা জরিমানা

Sadek Ali
হাবিবুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৬ | আপডেট: ৩:৩৭ অপরাহ্ন, ০৫ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষিজমি রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। অবৈধ মাটিকাটা বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান চালানো হচ্ছে। কোথাও মাটি কাটার খবর পেলেই সেখানে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (০৪ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বলধারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

আরও পড়ুন: নীলফামারীতে আলুর বাম্পার ফলনেও কৃষকের লোকসান

অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫(১) ধারায় তিনটি মামলায় তিনজনকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মধ্যচর নয়াবাড়ি গ্রামের আনোয়ারকে ১ লাখ টাকা, মানিকদহ গ্রামের লুৎফরকে ১ লাখ টাকা এবং নবগ্রাম গ্রামের আব্দুর রহিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এস্কেভেটর (ভেকু) ও মাটি পরিবহনের একটি ট্রলি অকেজো করে দেওয়া হয়।

আরও পড়ুন: বিজিবি'র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিল উদ্দিন। তিনি বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটিকাটা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন।