কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু
মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে শাড়ি, থ্রি-পিস, রুমাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবায়নে কাজ শুরু করেছেন। সরকার গঠনের এক মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং আগামী মাস থেকে কৃষি কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সবাই এসব সুবিধা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: কাশিয়ানীতে উপজেলা প্রেসক্লাবের ইফতারে সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত
তিনি আরও বলেন, আমি যতদিন বেঁচে থাকব, ততদিন মানুষের কল্যাণে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করে যাব। সঠিক নেতৃত্বের অভাবে কুলাউড়া এতদিন অবহেলিত ছিল, এখন উন্নয়নের কাজ দৃশ্যমান হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান এবং ভূকশিমইল ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান মনির।
আরও পড়ুন: নান্দাইলে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, যুক্তরাজ্য বিএনপি নেতা নজরুল ইসলাম খান, সাংবাদিক ময়নুল হক পবন, এস আর অনি চৌধুরী, মহিউদ্দিন রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ৮৫০ জন উপকারভোগীর মাঝে শাড়ি, থ্রি-পিস ও হাজি রুমাল বিতরণ করা হবে। এ ছাড়া ১ হাজার জনকে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা নগদ সহায়তা প্রদান করা হবে।





