ঈদযাত্রায় স্বস্তি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চাপ বাড়লেও নেই যানজট

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ১০:০৯ পূর্বাহ্ন, ১৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঈদকে সামনে রেখে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছে মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বস্তির খবর হলো—এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে।

মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড, রাবনা বাইপাস ও আশেকপুর বাইপাসসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে, যাত্রীরা বাসের পাশাপাশি ট্রাক, পিকআপ ও অন্যান্য যানবাহনে করে গন্তব্যে যাচ্ছেন। ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যাও তুলনামূলক বেশি। অনেকেই ভাড়ায় চালিত মোটরসাইকেল, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করছেন।

আরও পড়ুন: পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে বাউফলের দুই সাংবাদিক আটক

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি ছুটি শুরু হওয়ার পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। তবে বুধবার সকাল পর্যন্ত কোথাও যানজট তৈরি হয়নি। গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত চার লেন সুবিধা থাকায় যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত অংশে যানজটের আশঙ্কা থাকলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, একদিনে উল্লেখযোগ্য সংখ্যক যানবাহন সেতু পারাপার হয়েছে। এতে কয়েক কোটি টাকা টোল আদায় হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি।

আরও পড়ুন: লালমনিরহাটে ভূয়া এসআই পরিচয়ে গাঁজা পাচার, গ্রেপ্তার ৩

সেতু এলাকার দায়িত্বশীল কর্মকর্তা সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, যানবাহনের চাপ থাকলেও সড়কে কোথাও যানজট নেই। সেতুর উভয় পাশে একাধিক বুথ চালু রেখে দ্রুত যান পারাপারের ব্যবস্থা করা হয়েছে। মোটরসাইকেলের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ বলেন, গত কয়েক দিনের মতো চাপ থাকলেও যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।