দুই যুগের অপেক্ষার অবসান: শ্রীপুরে শতাধিক পরিবার পেল বিদ্যুতের সংযোগ

Sanchoy Biswas
বশির আহমেদ কাজল, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬ | আপডেট: ৮:৩১ অপরাহ্ন, ২৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার দুটি গ্রামে দীর্ঘ প্রায় দুই যুগ ধরে বিদ্যুৎবঞ্চিত থাকা শতাধিক পরিবার অবশেষে বিদ্যুৎ সংযোগ পেয়েছে। নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলার শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার মুলাইদ ও টেপিরবাড়ী গ্রামে নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।

আরও পড়ুন: অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে নিহত বিএনপি কর্মী

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের পারস্পরিক মতবিরোধের কারণে প্রায় দুই যুগ ধরে এসব এলাকার শতাধিক পরিবার বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত ছিল। বিষয়টি জানার পর সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে উদ্যোগ নেন। পরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ প্রায় এক কিলোমিটার নতুন সঞ্চালন লাইন নির্মাণ করে। এতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিদ্যুতের আলো পৌঁছেছে শতাধিক পরিবারের ঘরে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (প্রকৌশল) শান্তনু রায় বলেন, স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে তথ্য পাওয়ার পর তাঁর উদ্যোগে বিদ্যুৎবঞ্চিত পরিবারগুলোর জন্য সংযোগ দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়। এক কিলোমিটার নতুন সঞ্চালন লাইন নির্মাণসহ প্রয়োজনীয় সব কাজ শেষ করে শুক্রবার থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এর মাধ্যমে শ্রীপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে।

আরও পড়ুন: কে এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘বলির পাঁঠা’ আসামি হাফেজ নাঈম?

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সাবেক সভাপতি এস. এম. মাহফুল হাসান হান্নান, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শান্তনু রায়, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকার, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সদস্যসচিব শহিদুল্লাহ বন্দুকসি, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রমজানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।