পাকুন্দিয়ায় ধানক্ষেত থেকে উদ্ধার মৎস্যজীবী নেতার মরদেহ

Shahrier Islam Pallab
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:২০ পূর্বাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধানক্ষেত থেকে মো. রমজান মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের ঠুটারজঙ্গল গ্রামের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। রমজান মিয়া ওই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে এবং সুখিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সহসভাপতি ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রমজান। এর আগে তিনি বাড়ির পাশের পুকুরে গোসল করতে যাওয়ার কথা পরিবারের সদস্যদের জানান। পরে মাছ ধরার জাল নিয়ে পাশের ধানক্ষেতের দিকে যান। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বের হন।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে কুলাউড়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

খোঁজাখুঁজির একপর্যায়ে ধানক্ষেতে রমজানকে পড়ে থাকতে দেখেন স্বজনেরা। কাছে গিয়ে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় কয়েকজন জানান, রমজান দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রমজান মিয়া স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তাঁর স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা বলে পরিবার সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: পিরোজপুর সদর ইউএনওর সঙ্গে সাংবাদিকদের পরিচয় ও মতবিনিময়

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।