ঢাকা রেঞ্জে ওসি পদায়নের নামে প্রতারণা: ডিআইজির বিশেষ সতর্কতা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৩৯ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে একটি অসাধু চক্র। এ বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের ঢাকা রেঞ্জ। ঢাকা রেঞ্জের মিডিয়া সেল থেকে শুক্রবার পাঠানো এ সংক্রান্ত এক বার্তায় এ সতর্কতা করা জারি হয়।

এতে বলা হয়, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় অফিসার-ইন-চার্জ (ওসি) বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের নামে প্রতারণামূলক কর্মকান্ড চালাচ্ছে। এই প্রতারকচক্র ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব রেজাউল করিম মল্লিক মহোদয়ের নাম ব্যবহার করে আর্থিক লেনদেনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে”।

আরও পড়ুন: জিয়ার শাহাদত বার্ষিকীতে পুলিশ সার্ভিস এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

এ বিষয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদায়নের কোনো এখতিয়ার তাদের নেই। এই পদায়নের ক্ষমতা সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি)-এর ওপর ন্যস্ত। পেশাগত মূল্যায়ন, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই এসব পদায়ন করা হয়ে থাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিআইজি মহোদয়ের নাম ব্যবহার করে অর্থের বিনিময়ে ওসি পদায়নের প্রতিশ্রুতি দেওয়া সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং প্রতারণামূলক। এ ধরনের কর্মকাণ্ড ফৌজদারি অপরাধের শামিল এবং এর মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তার সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

আরও পড়ুন: ফাঁকা ঢাকায় প্রযুক্তিনির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা বলয় ডিএমপির

ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশ এ ধরনের প্রতারণার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এতে বলা হয়, সংশ্লিষ্টদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।