নিরাপদ, আধুনিক ও সমৃদ্ধ বনশ্রী গড়তে ভোট চাইলেন মোহাম্মদ বেলাল হোসেন দুলাল
বনশ্রী সোসাইটি নির্বাচন-২০২৬ উপলক্ষে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ বেলাল হোসেন দুলাল বনশ্রীবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন। তিনি “বাতেন-দুলাল পরিষদ”-এর প্যানেলের পক্ষ থেকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও সৌহার্দ্যপূর্ণ বনশ্রী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্প্রতি বনশ্রীবাসীর উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “বনশ্রী আমাদের সবার প্রিয় আবাসস্থল। এ এলাকার উন্নয়ন ও বাসিন্দাদের জীবনমান বৃদ্ধিতে অতীতের ধারাবাহিক কর্মকাণ্ডের পাশাপাশি নতুন পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করতে চাই।”
আরও পড়ুন: বনশ্রীর উন্নয়নের রূপকার এম. এ.বাতেন চৌধুরী
তিনি জানান, নির্বাচিত হলে বনশ্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে এবং চুরি-ছিনতাই প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি রাস্তা ও অবকাঠামোর উন্নয়ন, গ্যাস ও পানির সমস্যার কার্যকর সমাধান, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং বাসিন্দাদের নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হবে।
মোহাম্মদ বেলাল হোসেন দুলাল বলেন, “নেতৃত্ব মানে শুধু একটি পদ নয়; নেতৃত্ব মানে জবাবদিহিতা, আন্তরিকতা এবং মানুষের পাশে থাকা। আমি বনশ্রীবাসীর একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। আপনাদের মতামত, পরামর্শ ও সমালোচনাকে গুরুত্ব দিয়ে একটি অংশগ্রহণমূলক ও স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে চাই।”
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির অভিযান, ৫ মামলায় ১৩ হাজার টাকা জরিমানা
তিনি আরও বলেন, “আপনাদের একটি মূল্যবান ভোট শুধু একজন প্রার্থীকে বিজয়ী করবে না; বরং একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ বনশ্রী গঠনের পথকে সুগম করবে।”
বনশ্রীবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এলাকার সার্বিক কল্যাণ নিশ্চিত করতে “বাতেন-দুলাল পরিষদ”-এর পূর্ণ প্যানেলকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার জন্য তিনি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
বক্তব্যের শেষে তিনি বনশ্রীবাসীর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহ তায়ালার সাহায্য প্রার্থনা করেন।





