মুক্তি পেয়েছে ‘শয়তান’ ছবির ট্রেলার
গতকাল মুক্তি পেয়েছে অজয় দেবগন প্রযোজিত ও অভিনীত ‘শয়তান’ ছবির ট্রেলার। বিকাশ বহেল পরিচালিত এই সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্রটি কালো জাদু ও বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে। ট্রেলার মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। বিকাশ বহেল পরিচালিত এই সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী ছবিতে অজয় ছাড়া আছেন আর মাধবন, জ্যোতিকা, জানকি বোধিওয়ালা প্রমুখ।
ট্রেলারে দেখা গেছে, অজয় ও জ্যোতিকার মেয়েকে বশীকরণ করেছে আর মাধবন। ফোনে চার্জ দেওয়ার নাম করে সে প্রবেশ করে বাড়িতে। তারপর বশ করে নেয় তাদের একমাত্র মেয়েকে। যার ফলে সেই মেয়েটি নিজের মা-বাবাকে পর্যন্ত খুন করতে দ্বিধা করে না। মাধবন জানান, সে তাঁদের মেয়েকে বশীকরণ করেছে এবং সে তাঁর মেয়ের ভগবান।
আরও পড়ুন: মুম্বাইয়ে রণবীর কাপুরের ‘রামায়ণ’ সেটের কাছে আগুন
তাঁর নির্দেশেই মেয়ে নানান কাজ করছে। মাধবন তাঁদের মেয়েকে নিয়ে চলে যেতে চায়। তবে সেটাও অজয় ও জ্যোতিকার আশীর্বাদ নিয়ে। বেশ শিহরণ জাগানো অভিজ্ঞতা দেবে শয়তান, তা ট্রেলার দেখেই স্পষ্ট।
এরপর শুরু হয় ‘শয়তান’-এর হাত থেকে মেয়েকে বাঁচানোর লড়াই। গুজরাটি সিনেমা ‘ভাশ’-এর হিন্দি রিমেক এটি।
আরও পড়ুন: মাত্র ৪৫ মিনিটেই গ্লাস্টনবারি ২০২৭-এর সব টিকিট শেষ
‘শয়তান’রূপী মাধবনের বশীকরণের হাত থেকে মেয়েকে কি বাঁচাতে পারবেন অজয়-জ্যোতিকা? এ প্রশ্নের উত্তর মিলবে আগামী ৮ মার্চ। সেদিনই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যমে সিনেমার অভিজ্ঞতা শেয়ার করে অজয় বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম ১০-১২ বছর যখন আমরা বাইরে শুটিং করতাম, আমি অতিপ্রাকৃত ঘটনার অভিজ্ঞতা পেয়েছি।
সেই অভিজ্ঞতাগুলো কী ছিল, আমি সে সম্পর্কে যাব না, তবে সেগুলো বেশ অস্বস্তিকর ছিল, তা অবশ্যই বলব।’
সঙ্গে অজয় জানালেন, ‘আমার হরর জনারটি খুব ভালো লাগে। পৃথিবীর সব প্রান্তের মানুষই এটার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। সব ধর্মেই কিন্তু কালো জাদু রয়েছে।’
সূত্র : হিন্দুস্তান টাইমস





