সহিংস বিক্ষোভের আশঙ্কা

ইরান ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি আহ্বান যুক্তরাষ্ট্রের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৫:২৬ অপরাহ্ন, ১৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভার্চুয়াল দূতাবাস স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) জারি করা এক জরুরি নির্দেশনায় এই সতর্কবার্তা দেয়।

নির্দেশনায় বলা হয়, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দিন দিন তীব্র হচ্ছে এবং যে কোনো সময় তা সহিংস রূপ নিতে পারে। এ পরিস্থিতিতে গ্রেপ্তার, আহতের সংখ্যা বৃদ্ধি, সড়ক ও গণপরিবহণ বন্ধ হয়ে যাওয়া এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার মতো ঘটনা ঘটতে পারে, যা স্বাভাবিক জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করবে।

আরও পড়ুন: ভারত থেকে পাইপলাইনে বাংলাদেশে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

চলমান সংকটের প্রভাব পড়েছে বিমান চলাচলেও। যুক্তরাষ্ট্র জানিয়েছে, একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা অন্তত আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে তাদের ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। ফলে আকাশপথে দেশ ছাড়তে না পারলে স্থলপথে আর্মেনিয়া অথবা তুরস্কে যাওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ইরানে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে—এমন প্রস্তুতি নিয়ে বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্পষ্টভাবে জানানো হয়েছে, এই পরিস্থিতিতে মার্কিন সরকারের সহায়তার ওপর নির্ভর করে কোনো পরিকল্পনা না করার জন্য।

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে পরপর তিন জাহাজে হামলা, একটিতে আগুন

যেসব মার্কিন নাগরিক তাৎক্ষণিকভাবে ইরান ছাড়তে পারবেন না, তাদের জন্যও নিরাপত্তা নির্দেশনা দিয়েছে দূতাবাস। এতে বলা হয়েছে, নিরাপদ কোনো স্থানে আশ্রয় নিতে হবে এবং পর্যাপ্ত খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী মজুদ করে রাখতে হবে।

এছাড়া বিক্ষোভ বা আন্দোলন চলছে—এমন এলাকায় না যাওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে মার্কিন নাগরিকদের।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই জরুরি সতর্কতা ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির গুরুতর অবনতির ইঙ্গিত দিচ্ছে এবং সামনে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।