গোলাম পরওয়ার: জামায়াত কখনো হিন্দুদের বাড়ি দখল করে না
বাংলাদেশ জামায়াতে ইসলামী (জামায়াত) সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ধর্ম, সংস্কৃতি বা নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে, এমন প্রচারণা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত হলে তা হিন্দু-মুসলমান নির্বিশেষে সবার কল্যাণ বয়ে আনবে।
শুক্রবার (৯ জানুয়ারি) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ‘ওয়ার্ড প্রতিনিধি, সহযোগী সদস্য ও সংখ্যালঘু সদস্য’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে হিন্দু ভাইদের ভয় দেখাচ্ছে। বলা হচ্ছে, জামায়াত ক্ষমতায় এলে ধর্ম পরিবর্তন হবে বা মেয়েরা বাইরে বের হতে পারবে না। এগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের এলাকায় হিন্দু অধ্যক্ষ, শিক্ষক ও কমিউনিটি নেতারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করছেন।”
আরও পড়ুন: ধর্ষক নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে: হাসনাত আবদুল্লাহ
তিনি আরও বলেন, জামায়াত বা ইসলামী আন্দোলনের কোনো নেতা কখনো হিন্দুদের বাড়ি দখল করে না, মিথ্যা মামলা দেয় না, জমি বা ঘের দখল করে না। বরং যারা এই কাজ করেছে, তারা গত ৫৪ বছর ধরে রাষ্ট্রক্ষমতায় থেকেছে।
ভান্ডারপাড়া ইউনিয়ন হিন্দু কমিটির সভাপতি ডা. নিত্য রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মন্ডল, সহ-সভাপতি এডভোকেট অশোক কুমার সিংহ, সেক্রেটারি অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, ডা. সুজিৎ সরকার, ইউনিয়ন আমীর মাওলানা কামরুল ইসলাম ও ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামানসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন: তারেক রহমানের ছাড়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা





