মেট্রোরেলের সময় বাড়ছে, রাতে চলাচল বাড়তে পারে আরও ৫০ মিনিট

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ন, ০৬ মে ২০২৬ | আপডেট: ৫:১২ পূর্বাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। পরিকল্পনা অনুযায়ী, রাতে ট্রেন চলাচলের সময়সীমা আরও ৪০ থেকে ৫০ মিনিট বাড়ানো হতে পারে। এ লক্ষ্যে ইতোমধ্যে নিরীক্ষা ও পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি ঘোষণা করা হবে। চলতি মে মাসের শেষ দিকে অথবা ঈদুল আজহার পর এটি কার্যকর হতে পারে।

আরও পড়ুন: একনেকে একসঙ্গে ৩ মেট্রোরেল প্রকল্পের অনুমোদন

নতুন পরিকল্পনা অনুযায়ী, ট্রেনের ফ্রিকোয়েন্সিও বাড়ানো হচ্ছে। বর্তমানে যেখানে পাঁচ মিনিট পরপর ট্রেন চলাচল করে, তা কমিয়ে সাড়ে চার মিনিটে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

প্রস্তাবিত সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী শেষ ট্রেন রাত ১১টা পর্যন্ত চালানোর চিন্তা করা হচ্ছে, যা বর্তমানে রাত ১০টা ১০ মিনিটে শেষ হয়। একইভাবে উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার পরিকল্পনা রয়েছে, যেখানে বর্তমানে শেষ ট্রেন ছেড়ে যায় রাত সাড়ে ৯টায়।

আরও পড়ুন: গাবতলী থেকে দাশেরকান্দি, আসছে নতুন মেট্রোরেল

তবে সকালে ট্রেন চলাচলের সময় বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে সকাল সোয়া ৭টায়।

এর আগে গত বছরের অক্টোবরে এক দফা সময় বাড়ানো হয়েছিল, যখন সকালে আধা ঘণ্টা আগে এবং রাতে আধা ঘণ্টা পরে ট্রেন চলাচল শুরু ও শেষ করা হয়। বর্তমানে প্রতিদিন ২৯৭টি ট্রিপ পরিচালিত হচ্ছে, যা নতুন সূচি চালু হলে আরও বাড়বে।

চলাচলের ব্যবধান কমানো হলে ব্যস্ত সময়ে যাত্রীসেবা আরও দ্রুত ও কার্যকর হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। বর্তমানে ব্যস্ত দিনে দুই ট্রেনের ব্যবধান পাঁচ মিনিট, যা কমিয়ে সাড়ে চার মিনিট করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে উত্তরা-মতিঝিল রুটে ২৪ সেট ট্রেন চলাচল করছে, প্রতিটিতে ছয়টি করে কোচ রয়েছে। পিক আওয়ারে ১২ সেট ট্রেন পরিচালিত হলেও নতুন পরিকল্পনায় তা বাড়িয়ে ১৪ সেট করার প্রস্তুতি চলছে।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, “রাতে দুই দিক থেকেই চলাচলের সময় বাড়ানোর বিষয়ে পরীক্ষা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সড়ক পরিবহন মন্ত্রণালয়।”

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর ঢাকায় মেট্রোরেল চালু হয়। প্রথমে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল শুরু হলেও পরে ধাপে ধাপে সম্প্রসারণ করে ২০২৩ সালের শেষ দিনে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ যাত্রীসেবা চালু করা হয়।