কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
কুমিল্লার বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের জালগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন জালগাঁও গ্রামের আব্দুস সাত্তার (৬২) ও খোরশেদ আলম (৩৫)। আহতরা হলেন নিহত খোরশেদ আলমের আত্মীয় মো. জহির, মো. জয়নাল ও মো. মোর্শেদ।
আরও পড়ুন: দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান জানান, আব্দুস সাত্তারের একটি জমি নিয়ে প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল। এ ঘটনায় আদালতে একটি মামলাও চলমান।
আজ সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির তাকে বাধা দিতে যান। এ সময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চারজনকে এলোপাতাড়ি আঘাত করেন। এরপর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান খোরশেদ।
আরও পড়ুন: আসামি ছাড়াতে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
এই খবর শুনে জয়নালের লোকেরা এসে এলোপাতাড়ি মারধর করলে সাত্তার ঘটনাস্থলেই মারা যান।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটেছে। দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।





