রংপুর-৩ আসন

জিএম কাদেরের মুখোমুখি হচ্ছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১:৫৯ অপরাহ্ন, ০৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হরিণ প্রতীক পেয়েছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। 

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসানের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন।

আরও পড়ুন: ইন্টারপোলের সহায়তায় হত্যা মামলার আসামীকে দুবাই থেকে গ্রেফতার

রংপুর সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে এবার একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তাদের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, বিএনপির সামসুজ্জামান সামু, জামায়াতের অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল এবং বাসদের আব্দুল কুদ্দুস উল্লেখযোগ্য।

এর আগেও আনোয়ারা ইসলাম রানী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। সে সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে তিনি জিএম কাদেরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ২৩ হাজার ৩৩৯ ভোট অর্জন করেন।

আরও পড়ুন: চারঘাটে নির্মাণ কাজে অনিয়ম হলেই ব্যবস্থা গ্রহণ: এমপি চাঁদ

প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রতিক্রিয়ায় আনোয়ারা ইসলাম রানী বলেন, “হরিণ প্রতীক পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। দলিত, হরিজন, আদিবাসী, তৃতীয় লিঙ্গ, বিশেষ চাহিদাসম্পন্ন ও সমাজের অবহেলিত মানুষেরা আমাকে সমর্থন দিচ্ছেন। আমি তাদেরই প্রতিনিধি।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এসব জনগোষ্ঠী নানাভাবে বঞ্চিত। হরিণ প্রতীক সেই নিরীহ ও বঞ্চিত মানুষের প্রতীক। আমি সংসদে গিয়ে তাদের অধিকার, মর্যাদা ও কণ্ঠস্বর তুলে ধরতে চাই।”

নির্বাচনের পরিবেশ নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশয় থাকলেও নির্বাচন প্রক্রিয়া এগিয়ে চলছে এবং তিনি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। এ সময় তিনি রংপুরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, জিএম কাদের প্রথমবার ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে তিনি রংপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।