ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহকারীদের প্রতিহত করার আহ্বান আবদুল আউয়াল মিন্টুর
ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণার প্রথম দিন শুরু করেছেন। বৃহস্পতিবার তিনি দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
প্রচারণাকালে আবদুল আউয়াল মিন্টু বলেন, “কিছু ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্রের তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। জনগণকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এসব অপতৎপরতা প্রতিহত করতে হবে।”
আরও পড়ুন: ১ লাখ ২০ হাজার টাকা লুটসহ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেপ্তার সোহান
তিনি আরও বলেন, “ভোটারদের ব্যক্তিগত তথ্য কারো কাছে দেওয়া যাবে না। ভোটাধিকার রক্ষা করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। ধানের শীষ জনগণের আশা ও ভরসার প্রতীক।”
প্রথম দিনের প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে তিনি ৫ নম্বর ইয়াকুবপুর ইউনিয়নের মুন্সি বাড়ির দরজা, তালতলা, এতিমখানা বাজার, দুধমুখা বাজার, দেওয়ান শাহ মাজার জিয়ারত, মিদ্দার হাট ও বরইয়া বাজারে গণসংযোগ করেন। পরে করমূল্যাপুর হয়ে দাগনভূঞা ৬ নম্বর সদর ইউনিয়নের জাপরের জানাজা, ফাজিলের ঘাট বাজার, তালতলি বাজার, পুলারহাট বাজার, বাগড়ুরি বাজার, নতুন বাজার ও মকবুলের ট্যাক এলাকায় পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: হরিরামপুরে লাউতা জামি'আ ইবনে আব্বাস (রহ.) মাদ্রাসার উদ্যোগে ১০ম বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন আকবরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দিনব্যাপী প্রচারণায় স্থানীয় জনগণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আবদুল আউয়াল মিন্টু দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন।





