মাওনা চৌরাস্তায় অস্থায়ী বাজার ইজারার নামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখলের প্রতিবাদে মানববন্ধন
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় অস্থায়ী বাজার ইজারার নামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখল, যানজট ও ফুটপাত দখলের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার
‘অস্থায়ী বাজার ইজারার নামে মহাসড়ক দখল আর নয়’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণ অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাফি কামাল, সহসভাপতি খোরশেদ আলম, সচেতন নাগরিক সমাজের সভাপতি জুয়েল রানা, সাংবাদিক রাতুল মন্ডল, সাংবাদিক মোজাহিদ, এসএম জহিরুল ইসলামসহ আরও অনেকে।
আরও পড়ুন: পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী
বক্তারা অভিযোগ করেন, অস্থায়ী বাজার বসানোর নামে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে প্রতিদিন দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এতে সাধারণ পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সড়কে সিসি ক্যামেরা মনিটরিং জোরদার, যানজটমুক্ত চলাচল নিশ্চিতকরণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং সুপরিকল্পিত সড়ক ও নগর ব্যবস্থাপনার দাবি জানান। তারা বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচি শেষে উপস্থিত জনতা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।





