ইন্টারপোলের সহায়তায় হত্যা মামলার আসামীকে দুবাই থেকে গ্রেফতার

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৮:৫১ পূর্বাহ্ন, ০৮ মে ২০২৬ | আপডেট: ১০:০০ পূর্বাহ্ন, ০৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামী আরিফ সরকারকে দুবাই থেকে ইন্টারপোলের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে পিবিআই নরসিংদীর সন্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি ও জেলা পিবিআই এর দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

আরও পড়ুন: চারঘাটে নির্মাণ কাজে অনিয়ম হলেই ব্যবস্থা গ্রহণ: এমপি চাঁদ

সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন জানান, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ খান হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত প্রধান আসামি আরিফ সরকারকে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ গ্রেফতার করে। পরে বাংলাদেশ পুলিশের বিশেষ টিম তাকে দেশে ফিরিয়ে আনে। গ্রেফতারকৃত আরিফ সরকার (৪০) উপজেলার পুটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে। গত ৬ মে ২০২৬ তাকে বাংলাদেশে এনে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও জানান, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারী সকাল ৬টা ১৩ মিনিটে নিজ বাসভবনে আরিফ সরকারসহ অন্যান্য আসামীদের পরিকল্পনায় সন্ত্রাসীরা পিস্তল দিয়ে গুলি করে তাকে গুরুতর আহত করে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ওই বছরের ৩১ মে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহত হারুনুর রশিদের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত আরিফ সরকারসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে ৩২৬/৩০৭/১১৪/১০৯/৩৪ ধারাসহ ৩০২ পেনাল কোডে অভিযোগ আনা হয়। প্রথমে থানা পুলিশ মামলাটি তদন্ত করলেও পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে ২০২৩ সালের ২৩ জুন নরসিংদী জেলা পিবিআই মামলার তদন্তভার গ্রহণ করেন। তদন্ত চলাকালে ইতিপূর্বে এই মামলার আরেক আসামী মহসীনকেও ইন্টারপোলের মাধ্যমে দুবাই থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে তার দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে আরিফ সরকারসহ অন্যান্য আসামীদের পরিকল্পনা ও সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। পরে আরিফ সরকারের বিদেশে অবস্থানের তথ্য নিশ্চিত করতে পিবিআই নরসিংদী বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এনসিবি শাখায় আবেদন করে। দুবাইয়ে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এবং ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন: দেশে সয়াবিনের বাৎসরিক চাহিদা ১৬ লাখ মেট্রিক টন

মামলার তদন্ত শেষে পিবিআই ২০২৫ সালের ২৪ নভেম্বর আরিফ সরকারসহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ আরিফ সরকারকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশকে অবহিত করলে পিবিআই ও পুলিশ হেডকোয়ার্টার্সের সমন্বয়ে গঠিত বিশেষ টিম তাকে ২০২৬ সালের ৬ মে দেশে ফিরিয়ে আনলে ইমিগ্রেশন পুলিশ তাকে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে শিবপুর থানা পুলিশ ওইদিনই তাকে আদালতে সোপর্দ করে। এ মামলায় এ পর্যন্ত ১২ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে বলেও তিনি জানান।