চারঘাটে নির্মাণ কাজে অনিয়ম হলেই ব্যবস্থা গ্রহণ: এমপি চাঁদ
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) এমপি আবু সাইদ চাঁদ সড়ক নির্মাণ কাজের উদ্বোধনের সময় কঠোর সিদ্ধান্ত নিয়ে বলেন, সরকারি বরাদ্দকৃত অর্থে কোনো নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার সকালে চারঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও)-এর কার্যালয়ের আয়োজনে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি আবু সাইদ চাঁদ। ওই সময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রাহাতুল করিম মিজান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: দেশে সয়াবিনের বাৎসরিক চাহিদা ১৬ লাখ মেট্রিক টন
পিআইও লতিফ ফরহাদের সঞ্চালনায় দলীয় নেতা-কর্মী, ঠিকাদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। ওই সময় পিআইও কাজের বিবরণ দিয়ে বলেন, গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি)করণ ২য় পর্যায়ে (৩য় সংশোধিত) প্রকল্প নির্মাণ কাজ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হলো এর বাস্তবায়নকারী সংস্থা। উপজেলার শলুয়া ও ভায়ালক্ষীপুর ইউনিয়নের মোট ১৫শত মিটার দৈর্ঘ্য রাস্তা নির্মাণ করা হবে। এই কাজটি শুরু হয়েছে ৭ মে এবং শেষ হবে আগামী ৩০ জুন। যার ব্যয় ধরা হয়েছে ০১ কোটি ১৭ লক্ষ টাকা। এই কাজটি পেয়েছেন বাঘা উপজেলা বলিহার এলাকার মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ।
এমপি চাঁদ উপজেলার শলুয়া ও ভায়ালক্ষীপুর ইউনিয়নের মোট ১৫শত মিটার রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। ওই সময় তিনি বলেন, এই সরকার অনিয়ম ও দুর্নীতির সঙ্গে আপসহীন। সরকারি বরাদ্দ জনগণের কল্যাণের জন্য। এই অর্থে কোনো ধরনের ভাগ-বাটোয়ারা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। বিএনপি সরকার চ্যালেঞ্জ নিয়ে দেশে ও জনগণের জন্য কাজ শুরু করেছেন। এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই কাজ শুরু করছেন। দেশের প্রধানমন্ত্রী নিজেও সাধারণ মাটি ও মানুষের সঙ্গে মিশে গিয়ে কাজ করছেন। এটা বড় ধরনের দৃষ্টান্ত উদাহরণ।
আরও পড়ুন: নরসিংদীতে একদিনে তিন মরদেহ উদ্ধার





