জৈন্তাপুরে সীমান্তে প্রায় ১৭ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের বালিপাড়া এলাকায় একটি টিনশেড ঘরে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: বরগুনায় জেলা পরিষদ ডাকবাংলো থেকে মা ও দুই কন্যার মরদেহ উদ্ধার
অভিযানে ৭৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ২ হাজার ২৫০ কেজি জিরা পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা যায়, জব্দকৃত জিরার প্রতি কেজির বাজারমূল্য ৭৫০ টাকা হিসেবে মোট মূল্য প্রায় ১৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
আরও পড়ুন: শিক্ষা উন্নয়ন ও জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে: এমপি ডা. বাচ্চু
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দেশে আনা এসব ভারতীয় জিরা গোপনে মজুদ করে রাখা হয়েছিল।
অভিযানকালে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।





