নরসিংদীতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল অস্ত্র ও গুলি

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬ | আপডেট: ৮:০৪ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী শহরের কাউরিয়া পাড়ায়  পরিত্যক্ত অবস্থায় বন্দুক পাইপগান সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী। 

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে র‍্যাব-১১ নরসিংদী'র ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

আরও পড়ুন: ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অভিনয় শিল্পী সংঘের মধ্যে দ্বিপাক্ষিক স্বাস্থ্য চুক্তি

এসময় একটি একনলা বন্দুক, দু'টি পাইপগান, দু'টি ককটেল ও চার রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। 

ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজে সন্ত্রাস ও চাঁদাবাজদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে প্রতিনিয়ত কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই  রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল শহরের কাউরিয়া পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় ইউএমসি জুট মিলের পরিত্যক্ত একটি কলোনির পাশে ঝোপের মাঝে কয়েকজন ব্যক্তিকে দেখতে পায়। এসময় তারা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে র‍্যাব ঘটনাস্থল তল্লাশি করে ঝোপের মধ্যে ফেলে রাখা একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। এসময় বস্তার ভিতর ১টি একনলা বন্দুক, ২টি পাইপগান, ২টি ককটেল এবং ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হন। 

আরও পড়ুন: গাজীপুরকে নিরাপদ করতে সেফ সিটি প্রকল্প, নজরদারিতে এআই

তিনি আরও জানান, এবিষয়ে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।