জাজিরায় বিএনপি-আ.লীগের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

Sadek Ali
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১:৩৩ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সেপাহি নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

আরও পড়ুন: কুলাউড়ায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ, নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থানস্থল ভাঙচুর এবং অন্তত ২০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

আরও পড়ুন: ন্যূনতম মজুরি মেনে নিয়ে সাভার-আশুলিয়ায় কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিকেনগর এলাকা থেকে এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। এ সময় এক্সপ্রেসওয়ের ওপর বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিহত করার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। একপর্যায়ে একের পর এক ককটেল বিস্ফোরণের কারণে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির অবস্থান স্থলে ভাঙচুর করে অন্তত ২০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে নাওডোবা গোলচত্বরে থাকা ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলেও আগুন দেওয়া হয়। তবে অবরোধ চলাকালে মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ধরনের হামলা বা ভাঙচুর না করতে নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, আমরা খবর পেয়েছিলাম, কেউ পদ্মা সেতুতে যান চলাচলে বিঘ্ন ঘটাতে পারে। তার পরিপ্রেক্ষিতে আমরা সারা রাত ডিউটিতে ছিলাম। আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে সকালের দিকে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। আমরা কোনো ধরনের প্রাণহানি না ঘটিয়ে তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি। এতে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল। এ ঘটনায় আমরা আলামত উদ্ধার করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।