ফুটবল উন্মাদনার মাঝেই নতুন গান নিয়ে হাজির সিঁথি সাহা
চারদিকে চলছে ফিফা বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা। এরই মধ্যে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। রোম্যান্টিক ঘরানার নতুন ড্যান্স নাম্বার ‘বসন্তের কোকিল’ প্রকাশ করেছে অনুপম মিউজিক। সংশ্লিষ্টরা জানিয়েছে, গানটি প্রকাশের পর থেকেইদর্শক-শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।
‘বসন্তের কোকিল’ গানের কথা লিখেছেন রণক রায়হান। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ সেন। এর আগে ‘দুষ্টু কোকিল’, ‘প্রিয়তমা’ ও ‘মায়া মায়া লাগে’র মতো জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের নজর কাড়েন তিনি। নতুন এই গানেও প্রাণবন্ত সুর ও আধুনিক সংগীতায়োজনের সমন্বয় ঘটানোর চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন: বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর ২টায় ডিডিসি ইউটিউব চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক ‘পদ্মাবতী’
নতুন গান প্রসঙ্গে সিঁথি সাহা বলেন, ‘গানটি গাইতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি। এর সুর, কথা ও সংগীতায়োজন খুবই প্রাণবন্ত। ভিডিওটা দেখলেও মন ভালো হয়ে যায়। এটি প্রকাশের পর দর্শকদের ভালোবাসা আমাকে সত্যিই অনুপ্রাণিত করছে। আশা করছি, গানটি দীর্ঘদিন শ্রোতাদের প্লেলিস্টে থাকবে।’
গানটির মিউজিক ভিডিওতে মডেল-অভিনেত্রী অলংকার চৌধুরীর উপস্থিতি বিশেষ মাত্রা যোগ করেছে। তার সঙ্গে জুটি বেঁধেছেন শিফাত আমিন শুভ। উৎসবের আবহ ও ভালোবাসার গল্পকে কেন্দ্র করে নির্মিত ভিডিওটিতে নাচ, রঙিন লোকেশন এবং আধুনিক উপস্থাপনার সমন্বয় দেখা যায়। ভিডিওটির পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্ব পালন করেছেন চন্দন রায় চৌধুরী।
আরও পড়ুন: আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম
প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। রোম্যান্টিক সুর, নাচনির্ভর উপস্থাপনা এবং শিল্পীদের পারফরম্যান্স দর্শকদের নজর কাড়ছে বলে জানিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠানটি।
অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন বলেন, বর্তমানে সংগীতশিল্পে নতুন গান তৈরি ও প্রকাশের সংখ্যা আগের তুলনায় কমে গেছে। এ পরিস্থিতি বদলাতে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে নতুন গান ও মিউজিক ভিডিও প্রকাশের একটি বড় উদ্যোগ নিয়েছে। ‘বসন্তের কোকিল’ সেই মেগা প্রজেক্টেরই অংশ।
বাংলা গানের বাজারে ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে নতুন গান প্রকাশের ক্ষেত্রেও প্রতিযোগিতা বেড়েছে। এই বাস্তবতায় দর্শকের রুচি ও সমসাময়িক উপস্থাপনাকে গুরুত্ব দিয়ে নির্মিত গানগুলোই বেশি সাড়া পাচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘বসন্তের কোকিল’ সেই ধারাবাহিকতায় শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেবে এবং সমসাময়িক বাংলা গানের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে।





