‘কনসার্ট ফর বাংলাদেশ’

জর্জ হ্যারিসনের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:৫২ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
জর্জ হ্যারিসন। ছবিঃ সংগৃহীত
জর্জ হ্যারিসন। ছবিঃ সংগৃহীত

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সংগীতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন ব্রিটিশ সংগীতশিল্পী ও ‘দ্য বিটলস’-এর সদস্য জর্জ হ্যারিসন। তার উদ্যোগে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ বিশ্বজুড়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। আজ রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে অবদান রাখা এই কিংবদন্তি শিল্পীর ২৫তম মৃত্যুবার্ষিকী।

২০০১ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে মারা যান জর্জ হ্যারিসন। ১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে জন্ম নেওয়া এই শিল্পী ‘দ্য বিটলস’-এর লিড গিটারিস্ট হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পান। ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তানি বাহিনীর গণহত্যার খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরতে উদ্যোগী হন হ্যারিসন। বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় এগিয়ে আসেন তিনি।

আরও পড়ুন: বিয়ের পরই হাতে বটি নিয়ে ভয়ংকর রূপে মিমি

এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজন করা হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’। জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে অংশ নেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন, লিওন রাসেল ও ওস্তাদ আলী আকবর খানের মতো শিল্পীরা। প্রায় ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে কনসার্টটির দুটি পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সেখান থেকে পাওয়া অর্থ ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় ব্যয় করা হয়। এই আয়োজনের জন্যই হ্যারিসন লেখেন ও সুর করেন ‘বাংলাদেশ’ গানটি। গানটিতে বাংলাদেশের মানুষের দুর্দশা ও মুক্তির আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: ছয় মাসের মধ্যে ভেঙে যাচ্ছে বাংলা ফাইভ ব্যান্ড

কনসার্ট ও গানটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুক্তিসংগ্রামের প্রতি মানুষের মনোযোগ বাড়াতে সহায়তা করে। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার জর্জ হ্যারিসনকে মরণোত্তর ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে।


আজ তার মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই অকৃত্রিম বন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে দেশের মানুষ।