রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজশাহীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শনিবার (২৮ নভেম্বর) মহানগরীর পৃথক তিন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (২৯ নভেম্বর) আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: গাজীপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই ও চালককে খুন, গ্রেপ্তার ৫
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মতিহার থানার খোজাপুর এলাকার সাজদার আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন শাকিল (৩০), শাহমখদুম থানার খিরসিন ফকিরপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে গোলাম সারওয়ার বাদশা (৪৮) এবং পবা থানার রামচন্দ্রপুর এলাকার মৃত ইয়াছিন মোল্লাহর ছেলে নজরুল ইসলাম (৫৯)।
পুলিশ জানায়, আব্দুল্লাহ আল মামুন শাকিল সংগঠনটির সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে গত ১৮ নভেম্বর মতিহার থানায় বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৪ ও ৬ ধারায় দায়ের করা মামলায় গ্রেপ্তারি অভিযান চালানো হয়। একই দিন শাহমখদুম থানা পুলিশ সংগঠনটির ৪ নম্বর হড়গ্রাম ওয়ার্ডের সহসভাপতি গোলাম সারওয়ার বাদশাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গত ২৭ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(এ) ও ১৫(৩) ধারায় মামলা করা হয়।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
এ ছাড়া পবা থানা পুলিশ সংগঠনটির পারিলা ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে গত ১৩ নভেম্বর বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৪ ও ৬ ধারায় মামলা দায়ের করা হয়েছিল।
আরএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে দায়ের করা পৃথক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





