শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি কাল

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:৪২ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আগামীকাল সোমবার (৩০ নভেম্বর) কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তির মেয়াদ হবে ১৫ বছর।

রোববার (২৯ নভেম্বর) বেবিচকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা নেই, সেনা মোতায়েনের পরিকল্পনাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বেবিচক চেয়ারম্যান জানান, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ চুক্তি করা হচ্ছে। পরিচালনাকারী প্রতিষ্ঠানকে চুক্তির শর্ত অনুযায়ী টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে।

আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

চুক্তি অনুযায়ী, স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে তৃতীয় টার্মিনালের নির্ধারিত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা চালুর লক্ষ্য রয়েছে। পরবর্তী ছয় মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে।

চুক্তিতে রাজস্ব বণ্টনের বিষয়টিও নির্ধারণ করা হয়েছে। কার্যক্রম শুরুর পর যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচককে দেবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। তৃতীয় টার্মিনাল পূর্ণ সক্ষমতায় পৌঁছালে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে।

তবে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, এপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচল নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে সংস্থাটি। ইমিগ্রেশন, কাস্টমস ও স্বাস্থ্য পরীক্ষার দায়িত্ব থাকবে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর হাতে।

যাত্রীসেবার মান নিশ্চিত করতে চুক্তিতে নির্দিষ্ট সময়সীমা ও কার্যসম্পাদন সূচক (কেপিআই) নির্ধারণ করা হয়েছে। উড়োজাহাজ থামার পর ১৫ মিনিটের মধ্যে প্রথম লাগেজ কনভেয়ার বেল্টে সরবরাহ করতে হবে। সর্বশেষ লাগেজ সরবরাহের সময়সীমা ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডির ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া নির্ধারিত সেবার মান বজায় রাখতে ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। চুক্তি অনুযায়ী, ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির ভিত্তিতে প্রতিটি ঘটনায় ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে।

উল্লেখ্য, প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। এতে রয়েছে ১২৭টি চেক-ইন কাউন্টার, ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট এবং ১২টি কন্টাক্ট বোর্ডিং ব্রিজ। পাশাপাশি নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনালের মাধ্যমে বছরে মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করা সম্ভব হবে। বেবিচক চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনাল চালুর মাধ্যমে দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ এবং পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।