গাজীপুরে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই ও চালককে খুন, গ্রেপ্তার ৫
গাজীপুরে ছিনতাইয়ের জন্য অটোরিকশা চালক জাহিদ রহমানকে (২০) গজারী বনে খুনের ঘটনার ২৪ ঘন্টার মধ্যে দুই ঘাতকসহ জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুবো অব ইনভেস্টিকেশন (পিবিআই)। উদ্ধার করেছে ছিনতাইকৃত অটোরিকশা বিক্রির ৩৮ হাজার ৫শ’ টাকা ও অটোরিকশার খণ্ডিত অংশবিশেষ। রোববার সকালে পিবিআইয়ে গাজীপুরের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার তার কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভাটিচন্নপাড়া গ্রামের ইন্তাজ আলী ইন্তা (২৫), গাজীপুরের শ্রীপুর থানার ভামনগাঁও গ্রামের মো. হাবিবুল্লাহ (২৭), একই থানার কাজীপাড়া গ্রামের মো. আলমগীর হোসেন ওরফে আলম (৩৪), কাপাসিয়া থানার নলীপলাশ মো. জাহাঙ্গীর ফকির (৪২) ও কালীগঞ্জ থানার আওড়াখালী বাজার এলাকার ইব্রাহিম খলিলুল্লাহ ওরফে খলিল (৪০)।
আরও পড়ুন: রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
পুলিশ সুপার বলেন, জাহিদ রহমান গত ২৫ নভেম্বর সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়া থানার কেওয়া ঘাট থেকে তার অটোরিকশায় যাত্রী নিয়ে লতিফপুর-গোসিংগার দিকে রওনা হয়। পরে রাতে আর জাহিদ বাড়িতে ফিরে নি। পরদিন ২৬ নভেম্বর সকালে শ্রীপুর থানার সাভারচালা পশ্চিমপাড়ায় বন বিভাগের গজারী বাগানের জঙ্গল থেকে হাত-পা, মুখ ও গলায় রশি দিয়ে বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের পিতা হাবিবুর রহমান হবি বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শ্রীপুর থানার মামলা করেন।
পিবিআইয়ের সিডিউলভুক্ত মামলা হওয়ায় পিবিআই গাজীপুর জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২
তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭ নভেম্বর গাজীপুরে শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ থানা এলাকা অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত অটোরিকশা বিক্রির ৩৮ হাজার ৫০০ টাকা ও খণ্ডিত অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তদন্তের বরাত দিয়ে পুলিশ সুপার আরো বলেন, ভিকটিম জাহিদ ও আসামী ইন্তাজ পরস্পর পূর্বপরিচিত ছিলেন। নগদ টাকার প্রয়োজন হলে ইন্তাজসহ সহযোগীরা জাহিদকে হত্যা করে তার অটো ছিনতাইয়ের পরিকল্পণা করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ২৫ নভেম্বর সন্ধ্যায় ইন্তাজ আলী গজারী বন থেকে লাকড়ি আনার কথা বলে নিহত জাহিদকে অটোরিকশাসহ ডাকবাংলোর মোড়ে আসতে বলে। এদিকে হাবিবুল্লাহ দড়ি কিনে রাখে। পরে ইন্তাজ ও হাবিবুল্লাহ জাহিদের অটোরিকশায় উঠে তাকে গজারী বনে নিয়ে যায়। সেখানে দড়ি দিয়ে হাত-পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তারা অটোরিকশাটি বিক্রির জন্য আলমের সঙ্গে যোগাযোগ করে। আলম, জাহাঙ্গীর ও খলিলের সহায়তায় অটোরিকশাটি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়।





