বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের জীবনবৃত্তান্ত প্রকাশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:১৮ পূর্বাহ্ন, ০২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ-এর জীবনবৃত্তান্ত প্রকাশ করা হয়েছে।

১৯৫০ সালের ১০ মে সিরাজগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ইকবাল হাসান মাহমুদ। তাঁর পিতা আব্দুল্লাহ-আল-মাহমুদ ছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ এবং তৎকালীন পাকিস্তান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী। এছাড়া তিনি পাকিস্তানের জাতীয় পরিষদ, বঙ্গীয় আইনসভা ও ভারতীয় আইন পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা প্রায় ৩ হাজার যাত্রী

ইকবাল হাসান মাহমুদ ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তাঁর সহধর্মিণী রুমানা মাহমুদ একজন সাবেক সংসদ সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যার জনক।

জাতীয় গুরুত্বপূর্ণ আন্দোলনগুলোতে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। ১৯৬৯ সালের ঐতিহাসিক গণআন্দোলনে তিনি অংশ নেন এবং পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি ধারাবাহিকভাবে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন এবং চারবার জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

রাজনীতির পাশাপাশি শিল্প ও বাণিজ্য খাতেও তাঁর সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ চার দশক ধরে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে স্পনসর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার (বিএসআরএস)-এর প্রাক্তন পরিচালক এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি ছিলেন।

এছাড়া এপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, এপেক্স ট্যানারি লিমিটেডের প্রাক্তন পরিচালক, এপেক্স ফুড লিমিটেড এবং এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের প্রাক্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রেখেছেন। ১৯৭৮ সাল থেকে তিনি বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের উন্নয়নে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করে আসছেন।

বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদের রাজনৈতিক দূরদর্শিতা, দেশপ্রেম এবং শিল্প-বাণিজ্যে অবদান জাতীয় উন্নয়নের ধারায় একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।