টিউশন ফি নিয়ে গবি প্রশাসনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের অসন্তোষ

Sanchoy Biswas
মবিনুল ইসলাম রাশা, গবি প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:১৬ পূর্বাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) প্রশাসন সাম্প্রতিক মিডটার্ম পরীক্ষার আগে সকল বকেয়া ফি-সহ চলতি সেমিস্টারের ৫০% টিউশন ফি জমার নির্দেশ দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

গত বৃহস্পতিবার (২রা এপ্রিল) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি-জুন ২০২৬ সেশনের মিডটার্ম পরীক্ষা ১২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের আগামী ৯ এপ্রিলের মধ্যে পূর্বের বকেয়া ফি ও চলতি সেমিস্টারের ৫০% ফি পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পেশাগত স্বাস্থ্য শিক্ষা IOSH স্বীকৃতিতে উজ্জ্বল বিইউএইচএস

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে:

১. টিউশন ফি পরিশোধের পর শিক্ষার্থীরা তাদের নিজস্ব পোর্টালে আবেদন করে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুন: শনিবারেও ক্লাস: ১০ সপ্তাহ খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২. প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। উল্লেখ্য, এই নিয়ম পূর্বে ছিল না।

টিউশন ফি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া নতুন সিদ্ধান্তের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিক অসন্তোষ জানায় শিক্ষার্থীরা। বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেলে তারা প্রশাসনের এই সিদ্ধান্তকে ভিত্তিহীন এবং অপ্রত্যাশিত হিসেবে অভিহিত করেন।

রসায়ন বিভাগের শিক্ষার্থী আক্তান রশিদ বলেন, “ব্যতিক্রমধর্মী বিশ্ববিদ্যালয়” হিসেবে যাত্রা শুরু করা গণ বিশ্ববিদ্যালয় এখন সেই আদর্শ থেকে সরে যাচ্ছে। যেখানে দরিদ্র ও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার কথা ছিল, সেখানে মৌলিক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। বিশেষ করে নিম্নবিত্ত শিক্ষার্থীদের জন্য এটি অপ্রত্যাশিত ও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।”

আইন বিভাগের শিক্ষার্থী অর্নিকা বলেন, “হঠাৎ পূর্ব ঘোষণা ছাড়াই সেমিস্টার ফি জমার নোটিশ শিক্ষার্থীদের ওপর মানসিক ও আর্থিক চাপ সৃষ্টি করছে। স্বল্প সময়ে বড় অঙ্কের টাকা জোগাড় করা অনেকের পক্ষে সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের বাস্তবতা বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়ানো এবং সিদ্ধান্তে তাদের স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত।”

এ বিষয়ে ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, “বিগত সেমিস্টারে অনেক শিক্ষার্থীর বকেয়া থাকায় বিশ্ববিদ্যালয় বড় ধরনের আর্থিক সংকটের মুখোমুখি। তবে শিক্ষার্থীদের ওপর এইভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক নয়। ছাত্রসংসদ হিসেবে আমরা প্রশাসনের সাথে আলোচনা করে আপাতত শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করবো। শিক্ষার্থীরা সেমিস্টার ফাইনালের আগে বকেয়া পরিশোধ করে বিশ্ববিদ্যালয়ের আর্থিক সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।”

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, “টিউশন ফি-এর ৫০% টাকা প্রতিবারের ন্যায় এবারেও মিডটার্ম পরীক্ষার পূর্বে নেওয়া হচ্ছে। তবে এবার টিউশন ফি ও বকেয়া টাকা পরিশোধ না করলে পরীক্ষার্থীরা মিডটার্ম পরিক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে না। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নেই।”