দেশ পুনর্গঠনে কোনো বাধা মানবে না সরকার: প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ২:১৬ অপরাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশ পুনর্গঠনের কাজে সরকার কোনো বাধা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের সমর্থন যতদিন থাকবে, ততদিন সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করে যাবে। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ডধারী নারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। জনগণের সমর্থন যতক্ষণ থাকবে, ততক্ষণ বিএনপি কোনো বাধা মানবে না। জনগণকে সঙ্গে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”

আরও পড়ুন: বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান: বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ

তিনি দলমত, ধর্ম ও পেশা নির্বিশেষে সবাইকে দেশ পুনর্গঠনের কাজে অংশ নেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, সব নাগরিককে মানবিকতার ভিত্তিতে মূল্যায়ন করে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডধারী নারীদের কাছে কর্মসূচির সুফল সম্পর্কে জানতে চান। এ সময় উপকারভোগী পারুল আখতার বলেন, “আমি এই কার্ড পেয়ে অনেক উপকার পেয়েছি। আমার সংসারের অভাব কিছুটা গুছেছে। আশা করি, আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন।”

আরও পড়ুন: বরিশালের পথে প্রধানমন্ত্রী

জবাবে প্রধানমন্ত্রী বলেন, নারীদের কাছ থেকে ইতিবাচক অভিজ্ঞতা শুনে সরকার উৎসাহিত হয়েছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো দেশের মায়েরা ও সাধারণ মানুষ যেন আরও ভালোভাবে জীবনযাপন করতে পারেন। ফ্যামিলি কার্ড কর্মসূচি পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ জন্য জনগণের সহযোগিতা ও সমর্থনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। তার মতে, এর ফলে নারীদের শিক্ষা ও অর্থনৈতিক সক্ষমতা ধীরে ধীরে আরও শক্তিশালী হবে।

বক্তব্যে সরকারের উন্নয়ন ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ” এবং “করব কাজ, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ”—এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, দেশে সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অতীতের মতো ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

গৌরনদীতে মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী বরিশালের উদ্দেশে রওনা হন। সেখানে সিটি করপোরেশন এলাকার ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন সাগরদি খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।